রাজধানী
বিমান বিধ্বস্ত: ভাগনিকে হারিয়ে মামার আহাজারি ‘ওকে আর ফিরে পাবো না’ (ভিডিও)
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় হারিয়ে গেছে আরও একটি কোমল প্রাণ—তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা। ছোট্ট ভাগনিকে হারিয়ে শোকে বিহ্বল সাংবাদিক লিয়ন মীর, কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভে এসে তার মৃত্যুর খবর জানান।
সোমবার (২১ জুলাই) দুপুরে ক্লাস চলাকালেই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে। দুর্ঘটনার সময় স্কুল ভবনের ভেতর ছিল শতাধিক শিক্ষার্থী। ফাতেমা ছিল তৃতীয় শ্রেণির বাংলা মাধ্যমের শিক্ষার্থী।
দুর্ঘটনার পরপরই তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। হতাশায় ভেঙে পড়েন তার মামা, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিয়ন মীর। ভাগনির সন্ধানে প্রথমে তিনি লাইভে এসে সহায়তা চান পরিচিত-অপরিচিত সকলের।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে হৃদয়বিদারক খবর। সিএমএইচ-এর মর্গের সামনে দাঁড়িয়ে তিনি জানান, ফাতেমা আর নেই। লাইভে কাঁদতে কাঁদতে বলেন, “আমার বাচ্চাটা মরে গেছে, ওকে কেউ সিএমএইচ থেকে নিয়ে যান… আমরা ওকে আর ফিরে পাবো না।”
ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। ফাতেমা ছিল ভবনের ওই অংশেই, যেটিতে বিমানটি আঘাত হানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন বহু শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ২০০ জান। যাদের অনেকেই চিকিৎসাধীন রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।