রাজধানী
গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার
রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালায়। অভিযানের সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে তাদের হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ৫/৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।