রাজধানী

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, জড়িত কিশোর গ্যাং


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম

মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, জড়িত কিশোর গ্যাং
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ১ নম্বর গেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সুমন নামের এক যুবককে কয়েকজন কিশোর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত সুমনের পূর্ণ পরিচয় কিংবা হত্যার কারণ জানা যায়নি। তিনি বলেন, "ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।"

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার বা পূর্ববিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।