রাজধানী
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকায় সাইকেল র্যালি, অংশ নিল ১৯০ সাইক্লিস্ট
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঢাকায় সাইকেল র্যালির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১ আগস্ট) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
উদ্বোধনী বক্তব্যে ক্রীড়া সচিব বলেন, “শিক্ষার্থীরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সরকার সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে। পাশাপাশি, সুস্থ শরীর ও মনের জন্য সাইকেল চালানো একটি কার্যকর অভ্যাস।”
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “র্যালির মূল প্রতিপাদ্য ছিল— ‘নিজ আঙিনা পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগর গড়ি’। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিকেরই নিজ দায়িত্ব পালন করা জরুরি।
সাইকেল র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন ১৯০ জন সাইক্লিস্ট।