রাজধানী

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজি সোনা উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম

শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজি সোনা উদ্ধার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজির বেশি ওজনের সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দোহাগামী বিজি-৩২৬ ফ্লাইটে চালানো অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থায় স্কচটেপে প্যাঁচানো ৭০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া এই সোনার মোট ওজন ৮.১২০ কেজি, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার এবং সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম বিমানটির সামনের কার্গো হোল্ডে গোপন স্থানে রাখা এসব সোনা উদ্ধার করে।

ঢাকা কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে জানান, “দেশীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা সক্রিয়। এই ধরনের অপচেষ্টা প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধার করা সোনার বারগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

এদিকে, এত বড় পরিমাণ সোনা কীভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইটের কার্গো হোল্ডে প্রবেশ করল—তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রস্তুতি চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাস্টমস আইন ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও ফ্লাইট পরিচালনা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।