রাজধানী
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ: ডিএমপি কমিশনার
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে দেশে-বিদেশে একটি উদাহরণে পরিণত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে বিশেষ করে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন তা অনেকটাই কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে। এই মান আরও উন্নত করে দেশ ও জাতির সেবায় অব্যাহত ভূমিকা রাখতে পুলিশ সদস্যদের আহ্বান জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করতে হবে এবং আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।