রাজধানী

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণ
জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। ছবি: সংগৃহীত

রাজধানীতে সক্রিয় ‘ধাক্কামারা’ চোর চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

তারা দীর্ঘদিন ধরে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে পকেট ও ব্যাগ কেটে চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার বিকেল ৫টার দিকে তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলের ৭ম তলার লিফটের সামনে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই সময় গ্রেপ্তারকৃতরা কৌশলে এক নারী ক্রেতাকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে। ভুক্তভোগী সন্দেহ হলে ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন এবং স্বামীকে সঙ্গে নিয়ে চিৎকার করেন। এতে শপিং মলের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে দুই নারীকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাত নারী চোর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনার সময় উপস্থিত আরও দুই নারী ভুক্তভোগী জানিয়েছেন, তাদের কাছ থেকেও এক লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য প্রায় ৬৪ হাজার ৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। পরে যুথী আক্তারের ব্যাগ তল্লাশি করে পুলিশ নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণের টিকলি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের সক্রিয় নেত্রী। তার নেতৃত্বে ঢাকাসহ দেশের বিভিন্ন শপিং মল, জনবহুল রাস্তা ও গণপরিবহনে সংঘবদ্ধভাবে চুরি করে আসছে চক্রটি। ইতোমধ্যেই তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৪টি মামলা রুজু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।