রাজধানী
ধানমণ্ডি ৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ’ গানের ভিডিও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধা ও শোকের পরিবেশ থাকলেও, ব্যতিক্রম দেখা গেছে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে। সেখানে কোনো আনুষ্ঠানিক কর্মসূচির পরিবর্তে সাউন্ড সিস্টেমে গান চালানো ও ভিডিও দেখানোর মতো আয়োজন চলতে দেখা গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের বিরতির পর দুপুর ২টা ৩৫ মিনিট থেকে গান বাজানো শুরু হয়। প্রথমেই শোনা যায় ভারতীয় চলচ্চিত্রের আলোচিত গান ‘কিলার হাসিনা’, যেটি ২০২২ সালে টি-সিরিজ থেকে প্রকাশিত হয়। গানটি গেয়েছেন অর্জুন কুমার ও তুলসী কুমার।
এরপর বাজানো হয় আরও কয়েকটি গান, যার মধ্যে অন্যতম ছিল—‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’, ‘পালিয়ে গেছে কাউয়া কাদের’, ও ‘এই কথা আর কে বলবে’। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হচ্ছিল।
শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কেউ কেউ সেখানে হেনস্তার শিকার হয়েছেন বলেও জানা গেছে। দুপুরে আজিজুর রহমান নামের এক রিকশাচালক নিজের উপার্জনের টাকায় ফুলের তোড়া কিনে এনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাকে জনরোষে পড়তে হয়।
তার তোড়ায় লেখা ছিল “১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি।” তবুও তাকে মারধর করা হয় বলে জানা গেছে।
খোঁ নিয়ে জানা গেছে, ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের দুই পাশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। শুধু গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সড়কের দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া, বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা অংশের সামনে কয়েকজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে গুলশান ছাত্রদলের এক কর্মী তানজীব বলেন, “ধানমণ্ডিতে মানুষ যাতে শান্তিতে চলাচল করতে পারে এবং আওয়ামী লীগের কর্মীরা যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে, সেজন্য আমরা এখানে অবস্থান করছি। দু-একজন আওয়ামী লীগপন্থী এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি।”