রাজধানী
১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামী রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় মৃধাবাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে এ সময়ের জন্য জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।