রাজধানী

লালবাগে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম

লালবাগে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই দম্পতিকে গ্রেফতার করেছে।

এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা, অবৈধ মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী জয়নব আক্তার (২৫) এবং কবির হোসেন (৩০) ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার (৩০)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে গাঁজা, নগদ টাকা এবং প্রাইভেট কার দু’টি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সূত্র: বাসস