রাজধানী

জাবি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম

জাবি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেফতার
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নিষিদ্ধ সাবেক সভাপতি ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলা ছিল। 

শুক্রবার গভীর রাতে সাভারের পুলিশ টাউন এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি জানান, গ্রেফতার জনি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভারে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জনি পলাতক ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “গ্রেফতারকৃত জনিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।”

উল্লেখ্য, মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় তার নেতৃত্বে ছাত্র হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।