রাজধানী

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ এএম

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৭টার মধ্যে নদীর পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছে ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে ওই স্থান থেকে প্রায় ২০ গজ দূরে, জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের পাশ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, প্রথমে ভাসমান অবস্থায় ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ৩ বছরের এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এ দুজন মা-ছেলে।

অন্যদিকে, কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছে নদী থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট। আর প্রায় ৩০ বছর বয়সী এক নারীর পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সালোয়ার। উদ্ধারকৃত দুই মরদেহের শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।