রাজধানী

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে জুলাই শহীদ-আহত পরিবারের বিক্ষোভ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে জুলাই শহীদ-আহত পরিবারের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর সচিবালয়ের কাছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

আন্দোলনকারীরা জানান, হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি বরং মামলা থাকলেও আসামিরা জামিন পাচ্ছে। এছাড়া সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশের হামলা চালানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব ঘটনার জন্য তাঁরা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। বিচার না হলে শহীদদের আত্মা কখনো শান্তি পাবে না।”

আহত শাহীন আহমেদ খান অভিযোগ করে বলেন, “উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের এক এসআইকে জামিন দেওয়া হয়েছে। এটা আমাদের সঙ্গে অন্যায়।”

অন্যদিকে আহত শেখ মুস্তাফিজ বলেন, “১৯ আগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি।”

এ সময় আন্দোলনকারীরা স্লোগান দেন—

“দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ”

“আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”

শহীদ পরিবারের সদস্যরা জানান, তাদের আন্দোলন বিচার না হওয়া পর্যন্ত চলবে।