রাজধানী
দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান ডিএনসিসির
নগরবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১ সেপ্টেম্বর) ডিএনসিসির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের সকল সেবা নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসারেই প্রদান করা হয়। এতে কোনো ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমসহ সব সেবা নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়। তাই এসব কার্যক্রম বা সেবা গ্রহণের ক্ষেত্রে ডিএনসিসির কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা দালালচক্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করা যাবে না।
ডিএনসিসি হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের আর্থিক লেনদেনে জড়িত হলে উভয় পক্ষকেই আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো কর্মকর্তা, কর্মচারী বা দালালচক্র যদি কোনো ধরনের সেবার বিনিময়ে অর্থ দাবি করে তবে তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।
নগরবাসীকে সতর্ক করে ডিএনসিসি বলেছে, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।