রাজধানী
আদাবরে কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য (ভিডিও)
রাজধানীর আদাবর এলাকায় ভয়ঙ্কর কিশোর গ্যাং চক্রের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে আদাবর থানার পুলিশ সদস্য আল-আমিন গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যায় পুলিশ। এ সময় আদাবরের কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি তাদের সহযোগীদের নিয়ে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয় পুলিশ সদস্য আল-আমিনকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর-আদাবর এলাকায় কিশোর গ্যাং “কবজি কাটা গ্রুপ” দীর্ঘদিন ধরে সক্রিয়। এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে জনি ও রনি। তারা বালুর মাঠকে ঘাঁটি বানিয়ে পুরো আদাবর এলাকায় আধিপত্য বিস্তার করছে। কবজি কাটা আনোয়ার বর্তমানে কারাগারে থাকলেও তার হয়ে জনি ও রনি ত্রাস সৃষ্টি করছে। এলাকাবাসীর অভিযোগ—এ গ্রুপটি অতীতে একাধিকবার মানুষকে কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। যদিও পুলিশ তাদের গ্রেফতার করলেও অল্পদিনের মধ্যেই জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “সোমবার রাতে ৯৯৯ নম্বরে দুই পক্ষের মধ্যে বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়ির কাছে অবস্থান করছিলেন কনস্টেবল আল-আমিন। এসময় একটি পক্ষ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার হাতে কোপ লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোন গ্রুপের সদস্য, তা খতিয়ে দেখা হচ্ছে।