রাজধানী
নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টনে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচির ফলে পল্টন মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শতাধিক নেতাকর্মী পল্টন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রাস্তায় বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে তারা দাবি জানান নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার।
বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়: "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "ক্ষমতা না জনতা, জনতা জনতা", "ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না"—এমন উদ্দীপ্ত শ্লোগান।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে এখনো কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি।
এর আগে একই দিন দুপুরে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেন ইউরোজোন ফ্যাশন নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। বেতন-ভাতা পরিশোধের দাবিতে প্রায় ৫০০ শ্রমিক কুড়িল বিশ্বরোডের একটি অংশ অবরোধ করে রাখেন। টানা চার ঘণ্টা ধরে চলা এই অবরোধ শেষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায়।