রাজধানী
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ও ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিল থেকে তারা কার্যালয়ে প্রবেশ করে অগ্নিসংযোগও চালায়।
পুলিশ হামলার আধাঘণ্টা পর ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়ার চেষ্টা করে, তবে এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। ধীরে ধীরে পুলিশ কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
এর আগে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের পর নেতাকর্মীরা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এবং তখনই জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
এর আগেও, ৩১ আগস্ট মিছিলের সময় একইভাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখনও পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।