রাজধানী
ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরাজীর্ণ ভবনের অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র আবারও সামনে এসেছে। রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন।
আহত রোগী সালমা বেগম (৩৮) ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। কানের সমস্যা নিয়ে তিনি গত মঙ্গলবার ওই ওয়ার্ডে ভর্তি হন। ওয়ার্ডে সিট না থাকায় তিনি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
সালমা বেগম জানান, “হঠাৎ করে ছাদ থেকে একটি বড় অংশ আমার ওপর ভেঙে পড়ে। ডান পায়ে তীব্র ব্যথা পেয়েছি। তখন আশপাশে যারা ছিলেন তারা আমাকে সাহায্য করেন।”
তার মেয়ে মনি বলেন, “খবর পেয়েই আমি হাসপাতালে ছুটে আসি। মায়ের অবস্থা দেখে খুব ভয় পেয়েছি।”
পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে জেগে উঠি। দেখি সালমা বেগমের ওপর পলেস্তারা পড়েছে, তিনি ব্যথায় কাতরাচ্ছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন, “ভবনটি ১৯৪৬ সালে নির্মিত। বহুবার এমন পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এর আগেও এই ওয়ার্ডে রোগী আহত হওয়ার ঘটনা আছে, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, “আমি এ রকম কোনো ঘটনার কথা জানি না।”
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি তাকে পাঠানো মেসেজেরও কোনো জবাব পাওয়া যায়নি।