রাজধানী
ডিএমপির নতুন নির্দেশনা: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সভা-সমাবেশ ও জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট স্থানে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হলো।
ডিএমপি বলছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ঘোষণা করা হবে।