রাজধানী
মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাদের গণপিটুনি
রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা। সোমবার দুপুরে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলের চেষ্টা চালালে তাদের ঘিরে ধরে পিটুনি দিচ্ছে জনতা। পরে তাদের মধ্যে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। ক্ষমতাচ্যুত দল হিসেবে আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো দৃশ্যমান কার্যক্রম থেকে প্রায় উধাও হয়ে যায়। দলের অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে বা দেশের বাইরে চলে যান, অনেকেই গ্রেপ্তার হন। কার্যত গত বছরের শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল স্থবির। তবে, চলতি বছরের শুরু থেকে এক নতুন কৌশলের আভাস পাওয়া যাচ্ছে। হঠাৎ করে ছোট ছোট মিছিল নিয়ে মাঠে নামা এবং দ্রুত নিরাপদ স্থানে ফিরে যাওয়ার এই কৌশল এখন ‘ঝটিকা মিছিল’ নামে পরিচিতি লাভ করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বিভিন্ন কৌশলে এবং অর্থের বিনিময়ে মাঠের শক্তি দেখানোর জন্য আওয়ামী লীগ এই ঝটিকা মিছিলগুলোর আয়োজন করছে। মিছিলগুলো ঢাকাতে হলেও এতে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী ঢাকার বাইরের। স্থানীয় লোকজন যাতে তাদেরকে না চিনতে পারেন এবং সহজে মিছিল করে চলে যেতে পারেন, সেজন্য ঢাকার বাইরের নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। আর মিছিলের অর্থ ও নির্দেশ বিদেশে পলায়নরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন।