রাজধানী

রাজধানীর সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম

রাজধানীর সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তা মোড় বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সম্পূর্ণ অবরোধ হয়ে যায়।

সড়ক অবরোধের ফলে মোড় ও আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে এই আন্দোলন চালাচ্ছেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি- 

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক বন্ধ করা।

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন কার্যক্রম চালু করা।

আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, “এর আগে ছয় দফা দাবিতে আন্দোলন করা হয়েছিল। সরকার কিছু দাবি মানলেও এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এই বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবিও সমাধান করতে হবে।”

অবশ্য এই আন্দোলনের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের সংলাপ দ্রুত শুরু না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।