রাজধানী

কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সড়কে যান চলাচল স্বাভাবিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নিলে বন্ধ থাকা যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে যায়। তবে শিক্ষার্থীরা এখনো সাতরাস্তা মোড়ে অবস্থান করছেন।

এর আগে সকাল ১১টার দিকে ছয় দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ সড়ক অবরোধে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তাদের পদোন্নতির রায় প্রত্যাহার, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিদ্যমান নিয়োগবিধি সংশোধন।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী জানান, “এর আগেও আমরা একই দাবিতে আন্দোলন করেছি। সরকার তখন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা পুনরায় আন্দোলনে নেমেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” তিনি আরও অভিযোগ করেন, “বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি তুলেছেন। সেগুলোরও সুষ্ঠু সমাধান প্রয়োজন।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরেও পলিটেকনিক শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে তারা পরে ক্যাম্পাসে ফিরে যান।