রাজধানী
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হলেও আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার প্রথম দিন পালিত হচ্ছে।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে আলাদা আলাদা ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলগুলো। বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ ও জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কসহ একাধিক স্থানে অনুষ্ঠিত হবে এসব কর্মসূচি।
জামায়াতে ইসলামী: দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করবে জামায়াত। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। এতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করবে দলটি। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বাংলাদেশ খেলাফত মজলিস: আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ করবে দলটি। এতে নেতৃত্ব দেবেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।
খেলাফত মজলিস: বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ খেলাফত আন্দোলন: খেলাফত মজলিসের সমাবেশের সময় একই স্থানে মিছিল করবে খেলাফত আন্দোলনও।
নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করবে এ দলটি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) : দলটি বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে রাজধানীতে সাতটি রাজনৈতিক দলের সমাবেশে বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজপথ।