রাজধানী

আ.লীগের মিছিল না ঠেকিয়ে বিশ্রাম, মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

আ.লীগের মিছিল না ঠেকিয়ে বিশ্রাম, মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ
ছবি: সংগৃহীত

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা হলেন- জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তাদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ার পর এই আদেশ দেন।

ডিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কমিশনারের কড়া নির্দেশনা রয়েছে নিষিদ্ধঘোষিত বা ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের মিছিল-সমাবেশের ঘটনায় সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

এই নির্দেশনার আলোকে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান অতিরিক্ত কমিশনার। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, দায়িত্বে থাকা কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণের বদলে খাওয়াদাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। একই সময়ে এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল চলছিল, যা তারা প্রতিরোধ বা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়নি।

এমন পরিস্থিতিতে কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে অতিরিক্ত কমিশনার তাদের তাৎক্ষণিকভাবে ক্লোজ করার নির্দেশ দেন।