রাজধানী
ঢাকায় বজ্রসহ ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ডিএসসিসি কাজ করছে দ্রুত পানি নিষ্কাশনে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে রাজধানীতে রবিবার রাত থেকে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম (Emergency Response Team) প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
ডিএসসিসির তথ্য অনুযায়ী, গ্রীন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমণ্ডি এলাকায় জলাবদ্ধতা ইতোমধ্যেই দূর করা হয়েছে। তবে পানি নিষ্কাশনের আউটলেট অংশ এবং খাল-নদীর পানির স্তর প্রায় সমান হওয়ায় কিছু এলাকায় পানি দ্রুত নিঃসরণ হচ্ছে না। এই কারণে ওই এলাকাগুলোর পানি পুরোপুরি নেমে যেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
তবে পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ী পোর্টেবল পাম্প ব্যবহার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, কমলাপুরে স্থাপিত হাই প্রেসার ভার্টিক্যাল পাম্পের মাধ্যমে দ্রুত পানি নামানোর কাজ অব্যাহত রয়েছে।
ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নাগরিকরা যেকোনো জরুরি বিষয় সম্পর্কে সহায়তার জন্য ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।