রাজধানী

হাজী সেলিমের বাড়িতে মিলল গোপন কক্ষ, উদ্ধার ৬ বিলাসবহুল গাড়ি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

হাজী সেলিমের বাড়িতে মিলল গোপন কক্ষ, উদ্ধার ৬ বিলাসবহুল গাড়ি
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী। 

উদ্ধার হওয়া গাড়িগুলোর তালিকা সূত্রে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে— দুটি বিএমডব্লিউ, যার একটি সাদা ও অন্যটি লাল রঙের। এ ছাড়া একটি কালো রঙের নিশান পেট্রোল, একটি সাদা প্রোটন প্রাইভেটকার, একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল রঙের টয়োটা রাস জিপ গাড়ি।

 

ahazi selim-1-Dhaka Prokah News-28-09-2025.jpg
ছবি: সংগৃহীত

অভিযানের সময় গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি। এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়েও তিনি কোনো সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। 

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসব বিলাসবহুল গাড়ি সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা হাজী সেলিম ব্যবহার করতেন। তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয় এবং ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।