রাজধানী
উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরায় দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উত্তরা পূর্ব থানার জসিম উদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে আরমানকে কুর্মিটোলা হাসপাতালে নেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমানের খালা নাজনীন আক্তার জানান, আরমান সম্প্রতি উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পূর্ব হাতিআলা গ্রামে। তার বাবার নাম আবু সুফিয়ান মির্জা। তারা বর্তমানে উত্তরা এলাকাতেই বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।