রাজধানী

রাজধানীতে টানা ঝুম বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম

রাজধানীতে টানা ঝুম বৃষ্টি, সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় টানা ঝুম বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত থেমে থেমে বজ্রপাতসহ অব্যাহত রয়েছে।

শনিবার (১ অক্টোবর) ভোরে কিছু সময় বিরতির পর আবারও শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা এখনও চলছে। দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া ও কালশী, মতিঝিলসহ একাধিক এলাকায় পানি জমে গেছে। এসব স্থানে অটোরিকশা ও ছোট যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। পানির কারণে অনেক সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়তে দেখা গেছে। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও রাস্তায় যানজটের দৃশ্যও চোখে পড়েছে।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আগাম সতর্কবার্তায় জানিয়েছিল, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হওয়া এ প্রবাহ ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

আবহাওয়াবিদরা এটিকে প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় হিসেবে চিহ্নিত করেছেন। চলতি বছরের এটি ১৩তম বৃষ্টিবলয়। যদিও এটি পুরো দেশজুড়ে সমানভাবে সক্রিয় হবে না, তবে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, প্রবাহটি দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বাধিক সক্রিয়তা দেখা দেবে। ঢাকা বিভাগে প্রবাহটি সক্রিয় অবস্থায় থাকবে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব তুলনামূলকভাবে মাঝারি হবে।

৩০ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করা এই বৃষ্টিবলয় আগামী ৬ অক্টোবর রংপুর বিভাগের দিক দিয়ে বাংলাদেশ ছাড়তে পারে। এর সর্বাধিক সক্রিয়তা দেখা যেতে পারে ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে।