রাজধানী
উত্তরায় দুই সহযোগীসহ সন্ত্রাসী চক্রের মূলহোতা আকাশ গ্রেপ্তার
ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কুখ্যাত আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ (রবিবার) ভোররাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাড়িতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আকাশের দুই সহযোগী—মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)—কেও সেনা সদস্যরা আটক করে।
দিয়াবাড়ি আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আকাশ ও তার সহযোগীরা নিজেদেরকে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে উত্তরার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নানা বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছিল। শুধু তাই নয়, আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা নিয়মিত মারামারি, ভাঙচুর ও মব সৃষ্টি করতো।
সেনা সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর হামলা, হুমকি-ধামকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। ইতোমধ্যেই ওই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আকাশসহ তার সহযোগীদের গ্রেপ্তার করে। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বিপুল পরিমাণ চাঁদা আদায় এবং মামলা বানিজ্যেরও প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার আসাদুর রহমান আকাশ ও তার দুই সহযোগীকে বর্তমানে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতরে তিন সাংবাদিক—দৈনিক ইত্তেফাকের রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০-২৫ জনের একটি কিশোরগ্যাং সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।