রাজধানী
আজ ঢাকায় বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, বিকাল থেকে জলাবদ্ধতার শঙ্কা
রাজধানী ঢাকায় আজ রবিবার (৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে প্রবল বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, মূল বৃষ্টিপাত ঢাকায় শুরু হতে পারে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে এবং এটি টানা ২ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। ফলে বিকালের অফিস ছুটির সময় রাজধানীতে যানজট ও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
মোস্তফা কামাল পলাশ সাধারণ নাগরিকদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, জরুরি প্রয়োজন না থাকলে বিকেল ৫টার আগে বাসায় ফেরার চেষ্টা করুন।
অন্যদিকে, রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
রাজধানীর সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আবহাওয়াবিদরা মনে করছেন, আজকের বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে এবং শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে।