রাজধানী

৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ: ঢাকার অর্ধেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম

৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ: ঢাকার অর্ধেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি বিশাল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশের অবস্থান তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় সর্বোচ্চ ৯ মাত্রার ভূমিকম্পও ঘটতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বা পরবর্তী ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের সক্ষমতা এখনও সীমিত।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই ছোট থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং কিছু স্থাপনার ক্ষতি ঘটাচ্ছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, বাংলাদেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য দেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি ঢাকা শহরের ভবিষ্যত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার গবেষণায় দেখা গেছে, বড় কোনো ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা মনে করেন, ভূমিকম্পের মতো বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেনের মতে, “ভূমিকম্পের বড় দুর্যোগ মোকাবিলার মাত্র ২০ ভাগ সক্ষমতাই আছে বাংলাদেশের।”

যদিও ফায়ার সার্ভিস এই ধরনের দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, তারা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নিজেদের প্রস্তুত করছে।

বিশেষজ্ঞরা দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।