রাজধানী
উত্তরায় বাড়তি নিরাপত্তা, ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর রাজধানীর উত্তরা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য।
শনিবার (১৮ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি।’
ডিসি মহিদুল আরও জানান, উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দুপুরে লাগা আগুন সন্ধ্যা পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।