রাজধানী
র্যাবের জালে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল
রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মাদারীপুরের জেলার ডাসার থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৮।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আদাবর থানাধীন আদাবর ১০ বালুর মাঠ সংলগ্ম এলাকায় ভিকটিম রিপন (৩০) এর চায়ের দোকান ছিল এবং উক্ত বস্তি এলাকার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করত। আসামি রুবেলসহ তাদের সহযোগীরা প্রায়ই ভিকটিমের চায়ের দোকানে বাকি টাকায় খাবার নিত এবং বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও সেবন করে আসছিল। ভিকটিম রিপন বস্তির ম্যানেজারের দায়িত্বে থাকায় বিবাদীদের মাদক বিক্রয় ও সেবন করতে নিষেধ করে এবং নগদ টাকায় খাবার খেতে বললে বিবাদীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়।
যার প্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর ভোরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে রিপনের বসত ঘরে অনাধিকার প্রবেশ করে এলোপাথাড়ি কুপিয়ে রিপন ও তার স্ত্রীকে গুরুত্বর জখম করে এবং পাশের ঘরে থাকা ভিকটিমের ছেলে চিৎকার করলে তাকেও আঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন এসে রিপন হোসেনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় রিপনের স্ত্রী বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল আসামী কুমির রুবেলকে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। আসামিকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।