রাজধানী
রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ-ফোন ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল এবং সংস্থার প্রধান কার্যালয়ে কর্মরত। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী নুরুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলে করে অফিসের উদ্দেশে যাচ্ছিলেন রাসেল মিয়া। রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩–৪ জন অজ্ঞাত ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা রাসেলকে ছুরি দিয়ে হাতে আঘাত করে এবং তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, “ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই, এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সকালে আহত অবস্থায় সিআইডির সদস্য রাসেল মিয়াকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার হাতে অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে, এবং ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে রায়েরবাগ ও আশপাশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যা দমন করতে রাতের টহল জোরদার করার দাবি জানিয়েছেন তারা।