রাজধানী

নিহতের পরিবার পাবে ৫ লাখ, পরিবারে কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

নিহতের পরিবার পাবে ৫ লাখ, পরিবারে কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, “নিহত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারে কর্মক্ষম কোনো সদস্য থাকলে তাকে মেট্রোরেল প্রকল্পে চাকরির সুযোগ করে দেওয়া হবে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, রোববার সকালে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।