রাজধানী
বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিপুল অস্ত্র–গুলি উদ্ধার (ভিডিও)
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্রভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘অপারেশন বনলতা’ নামে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে। তবে কত পরিমাণ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানালে তা গণমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার করা ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, রবিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস ট্রেন। আধুনিক সুবিধাসম্পন্ন এ ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকায় বিরতিহীনভাবে চলাচল করে।