রাজধানী
ঢাকাবাসীর মাথাপিছু আয় ৬ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা: ডিসিসিআই জরিপ
ঢাকা জেলার মানুষের গড় বার্ষিক মাথাপিছু আয় এখন ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৬ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। এটি দেশের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত ‘অর্থনৈতিক অবস্থার সূচক’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডিসিসিআই জরিপ অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ঢাকার অবদান ৪৬ শতাংশ। কর্মসংস্থানের দিক থেকেও রাজধানীর অংশ ৪০ শতাংশ। দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি মানুষ এখন ঢাকায় বসবাস করছে, যা এশিয়ার যেকোনো শহরের তুলনায় সর্বাধিক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশই আসে ঢাকা থেকে। উৎপাদন খাতে মাত্র ৩৬৫টি প্রতিষ্ঠান পুরো খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে। সেবাখাতে ২৮৯টি প্রতিষ্ঠান প্রভাবশালী ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের ৫৮ শতাংশ উৎপাদন নিয়ন্ত্রণ করছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যমতে, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বিবিএস বিভাগ বা জেলাভিত্তিক মাথাপিছু আয়ের হিসাব প্রকাশ করে না।
উল্লেখ্য, ২০২১–২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। ২০২২–২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে, এবং গত অর্থবছরে আরও কমে হয় ২ হাজার ৭৩৮ ডলার। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় মাথাপিছু আয়ের ডলারে হিসাব কমে এসেছে বলে জানায় বিবিএস।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, “স্থানীয় সূচকে আমরা ভালো করছি। কিন্তু বৈশ্বিক সূচকের সঙ্গে তুলনা করলে দেখতে পাই, আমরা এখনো পিছিয়ে। তাই এসব সূচককে আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করে প্রকাশ করা প্রয়োজন।”
আরেক সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, “ডিসিসিআইয়ের এই সূচকটি যদি প্রতি মাসে প্রকাশ করা হয় এবং এর পরিধি আরও বাড়ানো যায়, তাহলে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ায় এটি আরও সহায়ক হবে।”