রাজধানী
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন পিয়া
ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলেই চাকরি পাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, “বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার স্ত্রী আইরিন পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে উপযুক্ত পদ নির্ধারণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাইছি যেন পরিবারের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত সহায়তা দেওয়া যায়, যাতে তারা আর্থিক ও মানসিকভাবে কিছুটা স্বস্তি পান।”
গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের (৩৫) মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবুল কালাম আজাদ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ঘটনার পর তার স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর পুরো প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং যান্ত্রিক সরঞ্জামের নিয়মিত পরিদর্শন বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।