রাজধানী
বাসে নারীকে হেনস্তা: রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত বাসে এক নারী যাত্রীকে হেনস্তা করার ঘটনায় রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব–৪ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব–৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান, “সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজামুদ্দিন নামের ওই হেলপার চলন্ত বাসে এক নারী যাত্রীকে মারধর ও হেনস্তা করছেন। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
পরে গ্রেপ্তার নিজামুদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, “গ্রেপ্তার নিজামুদ্দিনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পেছনের অন্য কোনো জড়িত ব্যক্তির তথ্য বের করতে তদন্ত চলছে।”
ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রমজান পরিবহনের একটি বাসে এক নারী যাত্রীর সঙ্গে তর্কে জড়ান হেলপার নিজামুদ্দিন এবং পরবর্তীতে তার গায়ে হাত তোলেন। আশপাশে থাকা যাত্রীদের কেউই তখন বাধা দেননি।
ওই নারী, সিদরাতুল মুনতাহা রহমান তীব্র, পরে ফেসবুকে একটি ভিডিওবার্তায় নিজের পরিচয় প্রকাশ করেন এবং ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, “আমি ভিডিওটি করেছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন কী ঘটেছে।”
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।