রাজধানী
রাজধানীর হোটেল থেকে উদ্ধার সিলেটের নিখোঁজ ৪ শিশু
সিলেট থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানা টিম।
উদ্ধার হওয়া চার শিশু হলো- তানিম আহমেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত রোববার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পাঠানো একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের সূত্র ধরে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালায়। এ সময় নিখোঁজ চার শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শিশুরা জানিয়েছে- তারা সিলেট থেকে ট্রেনে করে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। তবে ঢাকায় এসে পথ হারিয়ে ফেলে। এরপর জীবিকার তাগিদে তারা রেলওয়ে কলোনির একটি হোটেলে ‘হোটেল বয়’ হিসেবে কাজ শুরু করে।
উদ্ধারের পর শিশুদের প্রাথমিক নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে তাদের প্রকৃত অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কীভাবে তারা সিলেট থেকে ঢাকায় এল এবং কী কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হলো—সেসব বিষয় নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।