রাজধানী

আজ সকাল থেকে ঢাকা ও আশপাশের ১৫ এলাকায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

আজ সকাল থেকে ঢাকা ও আশপাশের ১৫ এলাকায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ছবি: সংগৃহীত

জরুরি পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না: গাজীপুর ও আশপাশের কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো এবং তৎসংলগ্ন এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের (গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প) জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। এতে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগাম সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে—বিশেষ করে গ্যাসচালিত চুলা, হিটার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।