রাজধানী
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
রাজধানীর জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যে কোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দাবি আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
ডিএমপির নিষেধাজ্ঞা নিম্নোক্ত এলাকায় প্রযোজ্য হবে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন এলাকা, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।