রাজধানী

গাজীপুরে দুই বাসে ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

গাজীপুরে দুই বাসে ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরী এবং উত্তরায় পৃথক ঘটনায় তিনটি যানবাহনে আগুন লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুরে মঙ্গলবার গভীর রাত ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি পৃথক বাসে অগ্নিসংযোগ চালানো হয়। বুধবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয় ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন জানান, আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের নিচে একজন মিস্ত্রি কাজ করছিলেন। হঠাৎ দুজন মোটরসাইকেল আরোহী বাসের পাশে এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন দ্রুত নেভাতে সক্ষম হন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “অগ্নিসংযোগকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

অন্যদিকে, রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে বুধবার সকাল ৭টা ১৮ মিনিটে, জসীম উদ্দিন রোডে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। 

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। আগুনের কারণে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের দুটি বাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে, আর উত্তরার মাইক্রোবাসে আগুন স্বাভাবিক কারণ-ইঞ্জিন ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লেগেছে। প্রশাসন উভয় ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নিয়েছে।