রাজধানী
গভীর রাতে ডিএমপির বিবৃতি, ভুয়া ভিডিও নিয়ে হুঁশিয়ারি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে জড়িয়ে ভুয়া ও বিকৃত ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে কমিশনারের একটি খণ্ডিত ভিডিও ও কৃত্রিম স্বর সংযোজন করে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-এর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। এই প্রেক্ষাপটে পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টায় কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে।
ডিএমপি মনে করে, এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টি করার ঘৃণ্য প্রচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়— “এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করার জন্য দেশবাসী ও নেটিজেনদের প্রতি অনুরোধ জানানো হলো।”