রাজধানী
রাজধানীতে আওয়ামী লীগের ককটেল ফ্যাক্টরির সন্ধান, পুলিশের অভিযান
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ জানানয়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে দীর্ঘদিন ধরে এ কারখানাটি চালু ছিল। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা তৈরি করার পরিকল্পনার অংশ হিসেবে এখানে বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বুনিয়া সোহেল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লোক এনে এসব ককটেল তৈরি করাত এবং সেগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে তাদের ধারণা।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ তাজা ককটেল, তৈরির সরঞ্জাম ও বেশ কিছু হেলমেট উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”