রাজধানী

তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাড্ডায় বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাড্ডায় বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এবং মহাখালীর আমতলী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম জানান, তিতুমীর কলেজের সামনে বিস্ফোরণের কিছুক্ষণ পরই আমতলী মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে মেরুল বাড্ডা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের মত ঘটনা বেড়েছে। রাজনৈতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে এসব নাশকতার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।