রাজধানী
রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনালের আশেপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকায় এলাকা সম্পূর্ণভাবে সতর্ক অবস্থায় রয়েছে।
সুপ্রীম কোর্টের চারপাশেও নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ট্রাইব্যুনালের মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরের এলাকায় পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।
এদিনের রায় ঘোষণা চব্বিশের জুলাই গণহত্যার দায়ে নেওয়া মামলার এক গুরুত্বপূর্ণ পর্ব। এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পাবেন দেশের সাধারণ মানুষও। সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় বিচার অনুষ্ঠান প্রদর্শনের ব্যবস্থা করেছে, যাতে কেউ গুরুত্বপূর্ণ এই মুহূর্ত থেকে বঞ্চিত না হন।
নিরাপত্তা জোরদার থাকায় ট্রাইব্যুনাল এলাকার চারপাশে সাধারণ যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি তৎপরতা অব্যাহত আছে। শহরের বিভিন্ন স্থানে মানুষও সজাগ অবস্থায় উপস্থিত হয়ে রায় ঘোষণা প্রত্যাশা করছে।