রাজধানী
ভূমিকম্প: বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন নিহত
ঢাকার বংশালে এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ার ঘটনায় অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার কর্মকর্তা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের জানান, কসাইতলী এলাকায় ভবনের রেলিং ধসে পড়ায় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসেছেন। এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলানো, দেয়াল ফাটার মতো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হচ্ছে, ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে দৌড়ে বেরিয়েছেন এবং অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।