রাজধানী
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
রাজধানীতে শুক্রবারের ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ছয়টি স্টেশনে ফাটল দেখা দিয়েছে। কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবি, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট- এসব স্টেশনের বিভিন্ন স্থাপনায় ফাটলের চিহ্ন পাওয়া গেছে।
সরেজমিন দেখা যায়-
কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল। বিজয় সরণিতে সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরা পড়েছে।
পল্লবি স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের পাশাপাশি স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরের দেয়ালেও ফাটল।
মিরপুর-১১ স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে ফাটল।
মিরপুর-১০ স্টেশন: ভেতরের কিছু টাইলসে ফাটল দেখা গেছে।
ফার্মগেট স্টেশন: যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল লক্ষ্য করা গেছে।
পল্লবি স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে ফাটল দেখানো হলে স্টেশন কন্ট্রোলার প্রথমে অস্বীকার করলেও পরে তিনি বলেন, “আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও হতে পারে। আমি নিশ্চিত নই।”
কারওয়ান বাজার স্টেশনে রাত ৮টার দিকে সাব-স্টেশন কক্ষ বন্ধ পাওয়া যায়। একজন কর্মী জানান, “ফাটল আছে, অনেকে ভয়ে আছে।”
মিরপুর-১০, মিরপুর-১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের আরও কয়েকজন কর্মীও ফাটলের ঘটনাটি নিশ্চিত করেছেন।
ফাটল সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন রিসিভ করেননি।
তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ফাটল আমরা দেখেছি, তবে এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।”
মেট্রোরেল চালানো উপযুক্ত কি না- এমন প্রশ্নে তিনি জানান, “আমরা একাধিক ট্রায়াল রান করেছি। ঝুঁকি পাওয়া যায়নি বলেই ট্রেন চালানো হয়েছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।”