রাজধানী

ভয়াবহ রূপ নিয়েছে কড়াইল বস্তির আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

ভয়াবহ রূপ নিয়েছে কড়াইল বস্তির আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অস্বাস্থ্যকর পরিবেশ, ঘনবসতি ও কাঠের নির্মিত ঘরগুলোর কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট একসঙ্গে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে বস্তি এলাকায় ভয়াবহ পানি সংকট থাকায় আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া যানজটের কারণে দলগুলো দ্রুত পৌঁছাতে না পারায় প্রাথমিক পর্যায়ে আগুন আরও ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিরাপত্তার স্বার্থে বস্তিবাসীদের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুনে এখনো আক্রান্ত হয়নি এমন ঘর থেকেও অনেকে মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে মরিয়া হয়ে চেষ্টা করছেন। নারী, পুরুষ, শিশু সবাই মাথায়–কাঁধে করে মালপত্র নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট রওনা দিয়েছিল। তবে প্রচণ্ড যানজটের কারণে তারা দ্রুত পৌঁছাতে পারেনি। এখন মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের ভয়াবহতা বাড়তেই থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।